
গৌরনদী প্রতিনিধিঃ মোঃ শফিকুল ইসলাম।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন তার ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন ও ভোট চেয়ে শনিবার বিকেল গৌরনদী বিল্বগ্রাম বাজারে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করেছেন।
এ সময় উঠান বৈঠক ও গণসংযোগস্থলে সংখ্যালঘু হিন্দু-খ্রীস্টান ও বেদে সম্প্রদায়সহ নানা সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে।
উঠান বৈঠক ও গণসংযোগে অংশ নিয়ে ওই সম্প্রদায় গুলোর নারী-পুরুষেরা বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া, ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সম্মান জানিয়ে তাদেরকে নিয়ে নানা প্রকার স্লোগান দেন। একই সময় মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু ও খ্রীস্টান সম্প্রদায়ের নারী-পুরুষগণ ধানের শীষ, ধানের শীষ বলে উচ্চকণ্ঠে স্লোগান তোলেন।
ওইদিন সকাল দুপুর দুইটায় দিয়াশূরে খালেদা জিয়ার একটি শোকসভায় উপস্থিতির মধ্যদিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন।
গণসংযোগ উঠান বৈঠক উপস্থিত হাজার হাজার নারী-পুরুষ ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য সম্প্রদায়ের লোকজনকে উদ্দেশ্যে করে এ সময় তিনি বলেন, আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমরা রাষ্ট্র সংস্কার করবো, রাজনীতি সংস্কার করবো। নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেব। নারীবান্ধব সরকার গঠন করব।
এ সময় তার সাথে ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, দৈনিক ভোরের কাগজের সাবেক চিফ রিপোর্টার খোন্দকার কাওছার হোসেন, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির, গৌরনদী পৌর বিএনপি’র সাবেক সভাপতি এস.এম মনিরুজ্জামান, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস.এম জুলফিকার, গৌরনদী প্রেসক্লাবের সহ-সভাপতি এম. আলম প্রমূখ।
গণসংযোগে বক্তৃতাকালে স্থানীয় জনতার উদ্দেশ্যে তিনি আরো বলেন, ধর্মের নামে সংঘাত তৈরি করার জন্য একদল লোক বসে আছে। এবারের নির্বাচনে ধানের শীষকে ঠেকানোর জন্য ধর্মের অজুহাত নিয়ে একটি মহল লেগে গিয়েছে। তারা মহিলা ভোটারদেরকে নানাভাবে বিভ্রান্ত করতে চায়। কর্মজীবী মহিলাদের নামে তারা বাজে শব্দ ব্যবহার করে। নারী সমাজকে একজোট হয়ে এবারের ভোটে ওদেরকে প্রত্যাখ্যান করতে হবে।