
উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর-১ সংসদীয় আসনের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের বাথানিয়া চালা বটতলা এলাকায় আজ রবিবার সন্ধ্যায় বিএনপি মনোনীত প্রার্থী মেয়র মজিবর রহমানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী মেয়র মজিবর রহমানের সহধর্মিণী আজমেরী রহমান মুন্নী। এ সময় তিনি বলেন, “আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছি।
মেয়র মজিবর রহমান একজন সৎ ও জনবান্ধব মানুষ। আগামী ১২ তারিখে যদি আপনারা ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেন, তাহলে কালিয়াকৈরের প্রতিটি রাস্তা চলাচলের উপযোগী করা হবে। পাশাপাশি অ্যাম্বুলেন্সসহ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং দিন-রাত রাস্তাঘাট আলোকিত করতে ল্যাম্পপোস্ট স্থাপন করা হবে।”
তিনি আরও বলেন, “মেয়র মজিবর রহমানের সহধর্মিণী হিসেবে আমি আপনাদের কাছে এই উন্নয়নের অঙ্গীকার করছি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খলিলুর রহমান ইব্রাহিম, কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব এম. আনোয়ার হোসেন, প্রধান অতিথির সফরসঙ্গী সুলতানা ইব্রাহিম, চাবাগান ছাইয়েদুল আলম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সফিকুর রহমান, বোয়ালী ইউনিয়ন যুবদলের সভাপতি ফজলুল হক মিলন, বাহার উদ্দিন মেম্বার, সাবেক মেম্বার আমজাদ হোসেন ও সংরক্ষিত মহিলা মেম্বার তাহমিনা আক্তার।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন বিনোদ চন্দ্র সরকার এবং সঞ্চালনা করেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট রিপন আল হাসান।
বক্তারা সবাই আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মেয়র মজিবর রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।