
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনদুর্ভোগ কমাতে এবং যাতায়াত নির্বিঘ্ন করতে বরিশালের গৌরনদী-সরিকল সড়কের কয়েকটি ভাঙা অংশ নিজ উদ্যোগে মেরামত করেছেন কাজী সাইফুল ইসলাম।

তিনি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এবং তার বাড়ি গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরনদীর নলচিড়া ও সরিকল ইউনিয়নসহ মুলাদী উপজেলার দুটি ইউনিয়নের প্রায় ৫০টি গ্রামের মানুষ এই সড়ক ব্যবহার করে চলাচল করে। ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সড়কের বিভিন্ন গর্ত ও ভাঙা অংশে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
কাজী সাইফুল ইসলাম জানান, অল্প কিছুদিন আগে সরকারি উদ্যোগে সড়কটি সংস্কার করা হলেও ভারী যানবাহন চলাচলের কারণে দ্রুতই কয়েকটি স্থানে গর্ত সৃষ্টি হয়। এতে করে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বাড়ে।
তিনি আরও বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করতে ব্যক্তিগত উদ্যোগে সড়কের ঝুঁকিপূর্ণ অংশগুলো মেরামতের কাজ করা হয়েছে।
এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটির স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন।