
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়ায় আব্বাসিয়া শপিং কমপ্লেক্স পরিদর্শন ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) জুমার নামাজ শেষে ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এ কার্যক্রমে অংশ নেন। তিনি আব্বাসিয়া শপিং কমপ্লেক্স ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে সাধারণ মানুষের কেনাকাটার সুবিধা নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উপহার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পরিদর্শন শেষে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার হিসেবে খাদ্যসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য প্রদান করা হয়।
এসময় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ তাদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি করেছে। একই সঙ্গে বাজার তদারকি করায় ব্যবসায়ীদের মধ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তারা।