
কাতারে প্রায় ৪ হাজার শ্রমিকের বেতন পরিশোধের দায়িত্বে থাকা সাপ্লায়ারের বিরুদ্ধে দুই মাসের পাওনা আটকে রাখার অভিযোগ; বিচার চান ভুক্তভোগী প্রবাসীরা।
বিদেশের মাটিতে হাড়ভাঙা পরিশ্রম, দিন-রাত এক করে উপার্জন—পরিবারের মুখে হাসি ফোটাতে দেশে পাঠানো সেই কষ্টার্জিত অর্থই এখন অনিশ্চয়তায়!
বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা কাতারপ্রবাসী নুর ইসলাম হাওলাদারের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ।
ভুক্তভোগীদের দাবি, কাতারে একটি প্রতিষ্ঠানের অধীনে প্রায় চার হাজার প্রবাসী শ্রমিকের বেতন-সংক্রান্ত সাপ্লায়ার হিসেবে কাজ করার সময় একাধিক শ্রমিকের দুই মাসের বেতন পরিশোধ করা হয়নি। এমনকি বেতনের হিসাবসংক্রান্ত কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ।
অভিযোগ রয়েছে, বরিশালের গৌরনদী ও পার্শ্ববর্তী কালকিনি উপজেলার একাধিক প্রবাসীর পাওনা অর্থ পরিশোধ না করেই দেশে ফিরে এসেছেন সংশ্লিষ্ট ব্যক্তি। ভুক্তভোগীদের দাবি, তাঁদের কোটি টাকার পাওনা আটকে রয়েছে। অন্যদিকে, ঢাকায় বিলাসী জীবনযাপন করছেন তিনি।
শুধু অর্থ আত্মসাতের অভিযোগই নয়, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ ঠেকাতে প্রশাসন ও রাজনৈতিক মহলের প্রভাব খাটিয়ে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টির অভিযোগও উঠেছে।
প্রশ্ন হচ্ছে—প্রবাসীদের ঘাম ঝরানো উপার্জনের টাকা কোথায়? কেন পরিশোধ করা হচ্ছে না তাঁদের ন্যায্য পাওনা? অভিযোগের পেছনের সত্য কী?
সব অভিযোগের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আমাদের অনুসন্ধান চলছে।
প্রবাসীদের কষ্টার্জিত অর্থের নেপথ্যের চাঞ্চল্যকর তথ্য নিয়ে আসছে চ্যানেল এস-এর বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন।
বিস্তারিত আসছে… চ্যানেল এস টেলিভিশনের পর্দায়।
অনুসন্ধানী প্রতিবেদনের সমাপনী বক্তব্য
অন্যদিকে, ভুক্তভোগী প্রবাসী শ্রমিকরা জানিয়েছেন, তাঁদের পাওনা অর্থ আদায়ে ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। পাশাপাশি সংশ্লিষ্ট থানায় মামলা কিংবা লিখিত অভিযোগ দায়েরেরও প্রস্তুতি চলছে বলে প্রতিবেদককে জানিয়েছেন অভিযোগকারীরা।
এদিকে, এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নুর ইসলাম হাওলাদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়া, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি এখন ভুক্তভোগীদের।
অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের কাজ চলছে। অভিযোগ দায়ের ও সংশ্লিষ্টদের বক্তব্যসহ বিস্তারিত তথ্য নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রচার করা হবে।
ক্যামেরায়: ———
রিপোর্ট: মোঃ মাসুদ সরদার
চ্যানেল এস, গৌরনদী (বরিশাল)।