
আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য আহমদ আলী (৬০)।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আহমদ আলীর ছেলে সোহেল (২২) লেখাপড়া শেষ করে বর্তমানে ব্যবসার সঙ্গে জড়িত। প্রায় দুই মাস আগে স্থানীয় এক তরুণীর সঙ্গে তাঁর পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ওই তরুণীর সঙ্গে সোহেলের ঘনিষ্ঠতা বাড়লে বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হয়। পরে ওই তরুণী তাঁদের বাড়িতে আসা-যাওয়া শুরু করেন। বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করেন আহমদ আলী। এমনকি ওই তরুণীকে তাঁর বাবা-মায়ের কাছে বুঝিয়ে দেওয়ার কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে সোহেলের সঙ্গে বিয়ের জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়। অভিভাবকদের সম্মতি ছাড়া বিয়ে করবেন না বলে সোহেল জানালেও ওই তরুণী তাঁদের বাড়িতে এসে অবস্থান করতে থাকেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
আহমদ আলীর অভিযোগ, গত ১৫ নভেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে ওই তরুণীর পরিবারের লোকজনসহ ৫ থেকে ৬ জন ব্যক্তি লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে তাঁদের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করেন এবং ঘরের দরজা-জানালার ক্ষতিসাধন করেন। এতে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
এ ছাড়া হামলার সময় তাঁর স্ত্রী সোনাবানু ও মেয়ে জেলিনাকে মারধর এবং তাঁদের গলায় থাকা প্রায় ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা, নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেন, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তাঁদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। পরিবারের সদস্যদের ক্ষতিসাধন এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফেরদৌস আলী দৈনিক মুক্তবার্তাকে জানান, অভিযোগের সূত্র ধরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সত্যতা পেয়েছেন। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।