
সাভার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার সাভার সহ সারাদেশে হঠাৎ করে সচল (রানিং) সিম কার্ড বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন মোবাইল অপারেটরের গ্রাহকরা। এতে ক্ষুব্ধ গ্রাহকদের ভিড়ে সাভার সিটি সেন্টারের গ্রামীণফোন কাস্টমার কেয়ারসহ বিভিন্ন অপারেটরের সেবাকেন্দ্রে দেখা গেছে দীর্ঘ লাইন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সরেজমিনে সাভার সিটি সেন্টারের গ্রামীণফোন কাস্টমার কেয়ারে গিয়ে দেখা যায়, সেবা নিতে আসা গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। কথা বলে জানা যায়, অনেক গ্রাহকের দীর্ঘদিন ধরে ব্যবহৃত সিম কার্ড কোনো পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে।
ভুক্তভোগী গ্রাহকরা জানান, সিম বন্ধ হয়ে যাওয়ায় ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি বিকাশ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে আর্থিক লেনদেন বন্ধ হয়ে জরুরি প্রয়োজনে বিপাকে পড়ছেন তারা।
কাস্টমার কেয়ারে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিটিআরসির নির্দেশনা অনুযায়ী যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে, সেসব অতিরিক্ত সিম বন্ধ করা হচ্ছে।
তবে এই বক্তব্যের সঙ্গে একমত নন অনেক গ্রাহক। ভুক্তভোগী মোঃ রুবেল জানান, “আমার নামে মোট ৮টি সিম রেজিস্ট্রেশন করা আছে। তারপরও আমার সচল সিম কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। ওই সিমে বিকাশ ও রকেট মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট চালু ছিল। হঠাৎ সিম বন্ধ হয়ে যাওয়ায় লেনদেন বন্ধ হয়ে গেছে, আমি মারাত্মক সমস্যায় পড়েছি।”
তিনি আরও বলেন, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই সিম বন্ধ করায় সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছেন।
শুধু গ্রামীণফোন নয়, অন্যান্য মোবাইল অপারেটরের একাধিক গ্রাহকও একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন।
গ্রাহকদের অভিযোগ, সঠিক তথ্য যাচাই ও পূর্ব নোটিশ ছাড়া সিম বন্ধ করায় সাধারণ মানুষের দৈনন্দিন ও আর্থিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এদিকে সচেতন কিছু গ্রাহক স্বেচ্ছায় তাদের নামে থাকা অতিরিক্ত সিম কার্ড বন্ধ করার জন্য কাস্টমার কেয়ারে এসেছেন।
ভুক্তভোগী গ্রাহকরা দ্রুত সমস্যার সমাধান, সঠিক যাচাই-বাছাই এবং গ্রাহকবান্ধব পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।