
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের উত্তর আকালিয়া এলাকায় গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উত্তর আকালিয়া সত্যের আলো সমাজসেবা সংগঠনের উদ্যোগে রোববার (১৫ মার্চ) দুপুর ২টায় উত্তর আকালিয়া পশ্চিমপাড়া জামে মসজিদ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আবুল কাশেম মুন্সি এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম সুমন মুন্সি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম সরকার, আমিনুল ইসলাম, আবদুল হক মিয়া মেম্বার, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এইচ এম জাকির সওদাগর, মফিজুল ইসলাম বশির, তুহিন আহমেদ, রুবেল মোল্লা, হানিফ মিয়া, মোহাম্মদ আলী মোল্লা, শাহজাহান আলী, জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সদস্য সুমন ব্যাপারী, মানিক মিয়া, ইদ্রিস, খোকন, রাজিব ও সুমন মোল্লা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।