
মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের পৃথক ৪টি গ্রামে ৪ ঘণ্টার ব্যবধানে কুকুরের কামড়ে অন্তত ৩৭ জন আহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকী, উত্তর চরমুশুরা, দক্ষিন চরমুশুরা ও চরকেওয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি।
আশংকাজনক অবস্থায় আল-আমিন (১৪), মেহেজাবিন (৭), মরিয়ম (৩), মিরাজ (৮), মাহাবুব (৮) ও নুসাইবা (৭) কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
বাকী আহতদের সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আতাউল করীম বলেন, দুপুর আড়াইটার পর থেকেই কুকুরের কামড়ের শিকার হয়ে আহতরা হাসপাতালে আসতে শুরু করে। সন্ধ্যা পর্যন্ত ৩৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদের মধ্যে ৬ জনকে ঢাকায় প্রেরন করা হয়েছে। কুকুরের কামড়ে আহত উত্তর চরমুশুরা গ্রামের ডলি বেগম (৬০) বলেন, দুপুর ২ টার দিকে আমাকে একটি কুকুর কামড়ায়। এরপর আরো বেশ কয়েকজনকে কামড় দিয়েছে। উত্তর চরমুশুরা গ্রাম ছাড়াও আরো কয়েকটি গ্রামে কুকুরের কামড়ের ঘটনা ঘটেছে।