
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সফল সমবায়ীদের সম্মাননা প্রদান করা হয়।
রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম।
সভাপতির বক্তব্যে আব্দুস সালাম বলেন, সমবায় আন্দোলন কেবল অর্থনৈতিক মুক্তির মাধ্যম নয়; এটি পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উন্নয়নের প্রতীক। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায় সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সমবায়ীদের সততা, নিষ্ঠা ও নিয়মতান্ত্রিকভাবে সমিতি পরিচালনার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেন। তিনি বলেন, রাণীশংকৈল উপজেলার সমবায় সমিতিগুলোকে সুশৃঙ্খল, কার্যকর ও সফল হিসেবে গড়ে তুলতে সমবায় বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সুচরিতা রাণী, সিডিএ এবং সমবায় সমিতির প্রতিনিধি আমির হুসেইন। বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও আত্মনির্ভরশীলতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমবায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। সমবায়ের চেতনাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সফল দুটি সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।