কুষ্টিয়া : কুষ্টিয়া শহরে নির্বাচনী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে (১৫) পেছন থেকে একের পর এক ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এতে গুরুতর আহত ওই ছাত্রীকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া : কুষ্টিয়া শহরে নির্বাচনী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে (১৫) পেছন থেকে একের পর এক ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এতে গুরুতর আহত ওই ছাত্রীকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত কিশোরকে শনাক্ত করা হয়েছে এবং তাকে আটকের জন্য অভিযান চলছে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, স্কুল থেকে ফিরে ওই ছাত্রী বাসার সামনে এসে কলবেল চেপে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই হঠাৎ ছুরি হাতে এক কিশোর দ্রুতগতিতে সেখানে ছুটে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছাত্রী স্কুল থেকে নির্বাচনী পরীক্ষা শেষে দুপুর ১টার দিকে বাসায় ফেরেন। বাসার নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর কয়েক সেকেন্ডের মধ্যেই এই হামলার শিকার হন তিনি।
জানা গেছে, এই হামলা আকস্মিক কোনো ঘটনা নয়; বরং দীর্ঘদিনের উত্ত্যক্তের জের এবং ওই কিশোরের বিরুদ্ধে ছাত্রীর পরিবারের করা অভিযোগের ক্ষোভ থেকে এ ঘটনা ঘটেছে।
পূর্বে তারা দুজন একই কোচিং সেন্টারে পড়ার সুবাদে পরিচিত হয়েছিল। এরপর থেকেই ওই কিশোর দীর্ঘদিন ধরে ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল এবং নানাভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি ছাত্রীর পরিবার থেকে ওই কিশোরের অভিভাবকদের জানানো হয়েছিল। এর ফলে কিছুদিন উত্ত্যক্ত করা বন্ধ থাকলেও কিশোরটি মনে মনে ক্ষোভ পুষে রেখেছিল।
আহত ছাত্রীর মা বলেন, ‘ওই ছেলে দীর্ঘদিন ধরে আমার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি তার অভিভাবকদের জানানোর পর কিছুদিন আর বিরক্ত করেনি। আজ আমার মেয়ে স্কুল ছুটির পর বাড়ির সামনে গেট খোলার অপেক্ষায় ছিল। এ সময় সে হত্যার উদ্দেশ্যে আমার মেয়েকে ছুরিকাঘাত করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
আহত ছাত্রীকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল বলেন, ‘ধারালো ছুরি দিয়ে মেয়েটির হাতে দুটিসহ তিনটি গভীর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত ছয়টি আঘাতের চিহ্ন রয়েছে। সব কটি আঘাতের জায়গায় সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত হলেও তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, ছাত্রীর অবস্থা ভালো আছে। চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিচ্ছেন।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফজল মাহমুদ বলেন, ‘ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার একাধিক ফুটেজ দেখে হামলাকারী কিশোরকে শনাক্ত করা হয়েছে। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। হামলায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। তাকে আটকের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’