
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আয়োজিত এ সভায় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর মিয়া তাঁর অতীতের দায়িত্ব পালন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন।
বক্তব্যে আলহাজ্ব আব্দুল গফুর মিয়া বলেন, “আওয়ামী লীগ আমলে আমি এই ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে থাকলেও আপনাদের জন্য কিছু করতে পারিনি।”
তিনি আরও বলেন, স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানদের বসার জন্য কোনো কক্ষ ছিল না। সেখানে বসার ব্যবস্থা করতে তিনি জায়গা বরাদ্দ দিয়েছেন বলে উল্লেখ করেন। তাঁর দাবি, এর ফলে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষকে আর দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না।
তিনি বলেন, “বিগত আমলে আমরা কিছু করতে না পারলেও এবার আমাদের দল ক্ষমতায় রয়েছে। এবার আপনাদের জন্য কিছু করার সুযোগ পেয়েছি।”
উত্তর গাজিরচটের শ্যামলীপাড়ায়, আনারকলির উত্তর পাশে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আব্দুল কাদের ভূঁইয়া।
উল্লেখ্য, আলহাজ্ব আব্দুল গফুর মিয়া ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।