
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
ডেঙ্গু সংক্রমণ রোধ ও সচেতনতা বাড়াতে বরিশালের গৌরনদীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। “রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার”—এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১৪ই অক্টোবর) দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গৌরনদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে এবং ‘হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন’-এর ব্যবস্থাপনায় এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
অভিযান চলাকালে রোভার স্কাউটের সদস্য ও স্বেচ্ছাসেবীরা কলেজ ক্যাম্পাস এবং আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার করেন। বিশেষ করে ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, ফুলের টব এবং প্লাস্টিকের ড্রাম বা পাত্রে জমে থাকা পানি ফেলে দিয়ে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা হয়।
আয়োজকরা জানান, বর্ষা ও পরবর্তী সময়ে এডিস মশার বিস্তার রোধে নিয়মিত সচেতনতা ও নিজ এলাকা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যেই তাদের এই যৌথ উদ্যোগ। পরবর্তীতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্কাউট ও ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।