
রাজধানীর মিরপুর ও বাড্ডায় দুই যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ও রাতে পৃথক এই দুই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর মধ্যে বাড্ডার বাসটির আগুন নেভাতে বর্তমানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। আর মিরপুরের ঘটনায় স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে বাড্ডা কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের পাশে রাস্তার ওপর থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি জানান, রাত ৯টা ৫০ মিনিটে বাড্ডায় বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে ইউনিট দুটি আগুন নির্বাপণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মিরপুরের পল্লবীর ১১ নম্বর সেকশনের বিহারি মিল্লাত ক্যাম্প সংলগ্ন রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এতে বাসটির একাংশ পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন বালু ও পানি ছিটিয়ে আগুন নির্বাপণ করেন।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন টিবিএসকে বলেন, ‘বাসটি পাঁচ দিন যাবৎ ওই রাস্তায় পার্ক করা ছিল। সন্ধ্যায় দুর্বৃত্তরা এতে আগুন দেয়। আগুনে বাসের কয়েকটি সিট পুড়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আমরা মালিকদের রাস্তার ওপর বাস পার্ক না করার জন্য অনুরোধ জানিয়েছিলাম। তাদের জন্য ভাষানটেকে নির্ধারিত জায়গাও ঠিক করে দিয়েছিলাম। তারপরও মধুমতি পরিবহনের বাসটি রাস্তার ওপর রাখা ছিল।’
এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আশপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও সংগ্রহ করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।