
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় পৃথক ২টি স্থানে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ী এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাস ২টির অধিকাংশ অংশ পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ী এলাকায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকসংলগ্ন স্থানে একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
অন্যদিকে, একই সময় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে পার্ক করে রাখা আলিফ পরিবহনের আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়।
২টি বাসে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে।
জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে। পাশাপাশি এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।