
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে হিন্দু ধর্মাবলম্বীদের কীর্তন আয়োজনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে আনন্দ সুত্রধর (৩০) নামে এক ব্যক্তিকে গুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আনন্দ সুত্রধর (৩০) ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের নরসিংহপুর এলাকার বিষ্ণু সুত্রধরের ছেলে। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার শ্রীদাম সুত্রধর (৩০)। তবে অপর অভিযুক্তের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, সম্প্রতি ভুক্তভোগীর বাড়িতে ধর্মীয় কীর্তন আয়োজন করা হয়। সেখানেই খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে অভিযুক্তের সঙ্গে তার বিবাদ হয়। এ নিয়ে আজ শনিবার সামাজিকভাবে বিকেলে সালিশ বসার কথা ছিল। তবে এর আগেই দুপুরের দিকে একটি মোটরসাইকেল যোগে অভিযুক্ত ও আরও একজন এসে ভুক্তভোগীকে অন্তত তিন রাউন্ড গুলি করে। এরমধ্যে ভুক্তভোগী দুটি গুলিবিদ্ধ হন, গুলিদুটি তার থুতনিতে লাগে একটি ব্যর্থ হয়।
স্থানীয় লোকজন আনন্দকে উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহমেদুল হক তিতাস জানান, ‘গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তাঁর থুতনিতে দুটি গুলি লেগেছে। শরীরে গুলি ঢোকার চিহ্ন থাকলেও বের হওয়ার চিহ্ন (এক্সিট পয়েন্ট) পাওয়া যায়নি। অর্থাৎ গুলি দুটি ভেতরে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. লিয়াকত খান বলেন, দুপুর আড়াইটার দিকে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের নরসিংহপুর এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ও অভিযুক্ত প্রতিবেশী। ভুক্তভোগীর বাড়িতে কীর্তনের খিচুড়ির আয়োজন করা হয় সম্প্রতি। খাবার নিয়েই তাদের মধ্যে বিবাদ হয়। তবে এ নিয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বসার কথা ছিল আজ। এর আগেই অভিযুক্ত ও আরও একজন একটি মোটরসাইকেলে করে এসে এ ঘটনা ঘটায়। স্থানীয়ভাবে আমরা তিনটি গুলির তথ্য পেয়েছি। তবে আমরা সচক্ষে তাকে দেখিনি। ভুক্তভোগী বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, কীর্তনের খাবার খাওয়া নিয়ে পূর্বে উভয়ের বিবাদ হয়। সেটি নিয়ে আজ বসার কথা ছিল স্থানীয়ভাবে। তবে তার আগেই গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।