
মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :
স্বাধীনতার ৫৪ বছরে রাজৈর উপজেলাবাসী ১১ বার সংসদ সদস্য নির্বাচিত করলেও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে তারা বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেছেন মাদারীপুর-২ সংসদীয় আসনের হরিণ প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। তিনি বলেন, “যত উন্নয়ন হয়েছে, তার সিংহভাগই হয়েছে মাদারীপুর সদর উপজেলায়। রাজৈরকে সবসময় সতিনের দৃষ্টিতে দেখা হয়েছে।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের লক্ষ্যের বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ডা. কামরুল ইসলাম সাঈদ আনসারি অভিযোগ করে বলেন, “বর্তমান নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি চলছে। অনেকেই মামলা বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জন করে সেই টাকায় নির্বাচন করছেন। আর আমি আমার পৈত্রিক সম্পত্তি বিক্রি করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্বাচন করছি।”
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে আমার দ্বারা কারও কোনো ক্ষতি হবে না। সবাই শান্তিতে বসবাস করতে পারবে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হতে দেওয়া হবে না।”
অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি সাম্যভিত্তিক উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি রাজৈর-মাদারীপুরের সার্বিক উন্নয়নের স্বার্থে হরিণ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
একই দিন তিনি পাইকপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।