
নিজস্ব প্রতিবেদক || সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ ও পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন শ্রমিক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতরবিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবরোধ শুরু করেন আলিফ গ্রুপের আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (ইউনিট-১)-এর শ্রমিকরা।
পরবর্তীতে রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজনা দেখা দেয়।
আন্দোলনরত শ্রমিকরা জানান, চলতি মাসসহ টানা তিন মাসের বেতন বকেয়া রয়েছে। একাধিকবার বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। নির্ধারিত দিনে বেতন না পেয়ে ক্ষুব্ধ শ্রমিকরা সড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের অভিযোগ, কারখানার মালিকপক্ষ ও জেনারেল ম্যানেজার (জিএম) বেতন পরিশোধ না করে এলাকা ত্যাগ করেছেন। এতে তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
সড়ক অবরোধের ফলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা ভোগান্তিতে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও ধাওয়া দেয়। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং অন্তত ৯ জন আহত হন বলে শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পুলিশ জানিয়েছে, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে সমস্যা সমাধানে আলোচনা চলছে। শ্রমিকরা দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন।