
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি বৃদ্ধি এবং কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে উপজেলা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি), বাংলাদেশ জাসদ ও বিপ্লবী কমিউনিস্ট লীগের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সরাইল উপজেলা শাখার সভাপতি দেবদাস সিংহ রায়ের সভাপতিত্বে এবং প্রভাষক জাফর আহমেদ আকছিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ন্যাপ সভাপতি ও শ্রমিক নেতা আব্দুল জব্বার, বিপ্লবী কমিউনিস্ট লীগের আহ্বায়ক আব্দুস সোবহান মাখন, জাসদ এর সাধারণ সম্পাদক শাহ সোহাগ, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন, সিপিবি সাধারণ সম্পাদক মোজাম্মেল পাঠান এবং উদীচী সরাইল শাখার সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ।