
আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ার বগাবাড়ি আমবাগান এলাকায় একটি পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও স্থানীয়দের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কারণে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ রয়েছে, পারভীন নামে এক নারী তার তিন বোন ও এক ভাইকে নিয়ে এলাকায় মাদক ব্যবসার একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রকাশ্যে বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা হয় এবং এ ব্যবসা থেকে অর্জিত অর্থ দিয়ে পরিবারের সদস্যরা বিপুল সম্পদের মালিক হয়েছেন। এমনকি মাদকের অর্থে সাততলা ভবন নির্মাণের অভিযোগও রয়েছে।
এলাকাবাসীর দাবি, মাদক ব্যবসার পাশাপাশি চাঁদাবাজি, হুমকি ও প্রভাব বিস্তারের কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, “আমরা ভয়ে প্রতিবাদ করতে পারি না। আমাদের সন্তানদের নিরাপত্তা নিয়েও উদ্বেগে থাকতে হয়। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”
এদিকে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক এবং আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. হারুন অর রশিদ (মন্ডল) । তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রশাসনের সহযোগিতায় এলাকাকে মাদকমুক্ত করতে আমরা জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছি।”
স্থানীয়দের দাবি, অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই করুক এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুক।