
রিপোর্ট : গৌরনদী প্রতিনিধি
জুয়ার বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও সচেতন মহল। তাদের অভিযোগ, স্মার্টফোন ও ইন্টারনেটের সহজলভ্যতার সুযোগে অনেক তরুণ-যুবক অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। এর ফলে শিক্ষাজীবনে ব্যাঘাত ঘটার পাশাপাশি পারিবারিক অশান্তি, আর্থিক ক্ষতি এবং সামাজিক অবক্ষয়ের ঘটনাও বাড়ছে।
স্থানীয় অভিভাবকদের ভাষ্য, অনলাইন জুয়ার কারণে অনেক পরিবার আর্থিক ও মানসিক সংকটে পড়ছে। তারা বলেন, সময়মতো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যৎ প্রজন্ম আরও বড় ঝুঁকির মুখে পড়বে।
এদিকে সম্প্রতি জাতীয় সংসদে অনলাইন জুয়া ও বেটিং দমনে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন পাস হয়েছে। ওই আইনে অনলাইন বেটিংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, আইন প্রণয়নের পরও গৌরনদীতে এর দৃশ্যমান প্রয়োগ এখনো লক্ষ্য করা যায়নি।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, “নতুন আইন অনুযায়ী অনলাইন জুয়াড়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সচেতন নাগরিক ও অভিভাবকরা অনলাইন জুয়া পরিচালনাকারী চক্রের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা, জড়িতদের আইনের আওতায় আনা এবং তরুণ সমাজকে এই আসক্তি থেকে রক্ষায় প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।