
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টানা দুই দিনের ভারী বর্ষণে বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় ড্রেনেজ ব্যবস্থার অভাবে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সরেজমিনে দেখা গেছে, মোহাম্মদ আলী বাড়ি ও আমিন বাড়িসহ আশপাশের একাধিক বসতঘরে পানি ঢুকে পড়েছে। অনেক ঘরে হাঁটুসমান পানি জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
এদিকে, ভারী বর্ষণের কারণে আনোয়ারা মেরিন একাডেমি সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। সিইউএফএল সড়কেও হাঁটুসমান পানি জমে থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। টানা বর্ষণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। এতে বসতঘরের পাশাপাশি কৃষিজমিরও ব্যাপক ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী এক বাসিন্দা বলেন, “প্রতি বছর বর্ষা এলেই আমাদের এই দুর্ভোগে পড়তে হয়। ড্রেন না থাকায় পানি নামার কোনো পথ নেই। ঘরের ভেতর পানি ঢুকে আসবাবপত্রসহ অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে।”
স্থানীয়রা দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।”