
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদীতে সাংবাদিক ও গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার, এম আলম, খোকন আহাম্মেদ হীরা, যুগ্ম সাধারণ সম্পাদক আমীনা আক্তার সোমা এবং সদস্য বিএম বেলাল।
বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা সন্ত্রাস ও মাদক–সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রসঙ্গত, গত রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার নাহার সিনেমা হল মোড় এলাকায় সংবাদ সংগ্রহ ও প্রতিবাদ জানাতে গিয়ে এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। এ সময় তাঁকে মারধর এবং তাঁর মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। আহত অবস্থায় তাঁকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা মাদক ব্যবসা ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত—এমন অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দা ও বিক্ষোভকারীরা। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভে অংশ নেওয়া সাংবাদিকেরা।