
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকায় মো. আল আমিন (ওরফে ইয়াবা পলাশ) নামে এক ব্যক্তির বিরুদ্ধে কথিত মাদক ব্যবসার অভিযোগ তুলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকায় পরিচিত। তার কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে এবং সামগ্রিক সামাজিক পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা।
স্থানীয়দের অভিযোগ, কেউ তার কর্মকাণ্ডের প্রতিবাদ বা সতর্ক করার চেষ্টা করলে তিনি ভয়ভীতি প্রদর্শন করেন এবং মারমুখী আচরণ করেন। এ কারণে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছেন বলেও দাবি করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে এলাকায় মাদকের বিস্তার রোধ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।