
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে এগিয়ে নিতে বরিশালের গৌরনদীতে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘ডাক দিয়ে যাই’-এর উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। সংস্থাটির সুবিধাভোগী ৪০টি পরিবারের মধ্যে ফলজ ও বনজ ২০০টি চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় গৌরনদী উপজেলা প্রাঙ্গণে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘ডাক দিয়ে যাই’ গৌরনদী শাখার ব্যবস্থাপক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং গৌরনদী উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মুনসুর আহম্মেদ।
এ সময় ‘ডাক দিয়ে যাই’ গৌরনদী শাখার সহকারী শাখা ব্যবস্থাপক লিটন কুমার, সংস্থাটির কর্মকর্তা-কর্মচারী, সদস্য ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু চারা বিতরণ নয়, বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সবুজ পরিবেশ গড়ে তোলাই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
‘ডাক দিয়ে যাই’ গৌরনদী শাখার ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বাড়াতে এবং পরিবেশবান্ধব কার্যক্রমকে আরও বিস্তৃত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।