
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার ২ নম্বর বার্থী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী শরীফ সাহাবুব হাসান। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকার সময় বার্থী বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি মতবিনিময় করেন।
শরীফ সাহাবুব হাসান গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং টরকী বন্দর বণিক সমিতির সভাপতি। গণসংযোগকালে তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা তাকে স্বাগত জানিয়ে কুশল বিনিময় করেন।
গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের দাবি, কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল, যার মধ্যে প্রায় এক হাজার মানুষ অংশ নেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, শরীফ সাহাবুব হাসান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিভিন্ন হামলা ও মামলার শিকার হয়েছেন বলেও তারা দাবি করেন। তাদের ভাষ্য, তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি এলাকায় জনপ্রিয়তা অর্জন করেছেন।
গণসংযোগকালে শরীফ সাহাবুব হাসান বলেন, ‘এলাকার মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করতে চাই। বার্থী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।