ইরানে নারীদের ফুটবল ম্যাচে পুরুষদের প্রবেশ নিষিদ্ধের ঘটনায় ফিফার ওপর ব্যবস্থা নেওয়ার চাপ বাড়ছে। দেশটির ফুটবল লিগ কর্তৃপক্ষের জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, নারীদের ফুটবল ম্যাচ আয়োজন করা স্টেডিয়ামে পুরুষ দর্শকদের উপস্থিতি নিষিদ্ধ।

ইরানে নারীদের ফুটবল ম্যাচে পুরুষদের প্রবেশ নিষিদ্ধের ঘটনায় ফিফার ওপর ব্যবস্থা নেওয়ার চাপ বাড়ছে। দেশটির ফুটবল লিগ কর্তৃপক্ষের জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, নারীদের ফুটবল ম্যাচ আয়োজন করা স্টেডিয়ামে পুরুষ দর্শকদের উপস্থিতি নিষিদ্ধ।
মানবাধিকারকর্মী ও ফিফার দীর্ঘদিনের চাপে ২০২৩ সালের ডিসেম্বর থেকে ইরানে কিছু আন্তর্জাতিক বাছাইপর্বের ম্যাচ এবং গুরুত্বপূর্ণ পুরুষদের লিগ ম্যাচে সীমিতসংখ্যক নারী দর্শক প্রবেশের সুযোগ পাচ্ছেন। তবে নারীদের ফুটবল ম্যাচে পুরুষদের উপস্থিতির বিষয়টি দেশটিতে দীর্ঘদিন ধরেই জটিল। এত দিন নিয়ম অনুযায়ী পুরুষদের প্রবেশের অনুমতি না থাকলেও কোচিং স্টাফ, ম্যাচ কর্মকর্তা, খেলোয়াড়দের পরিবারের সদস্য, সংবাদকর্মী এবং কারিগরি দলের সদস্যদের ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। পরবর্তী সময়ে কিছু ক্ষেত্রে সাধারণ দর্শকদেরও প্রবেশের সুযোগ দেওয়া হয়।
নতুন নির্দেশনায় সেই ব্যতিক্রমগুলোর সুযোগও বাতিল করা হয়েছে। এতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিজস্ব নীতিমালা লঙ্ঘনের আশঙ্কা তৈরি হয়েছে।
ফিফার সংবিধানে লিঙ্গভিত্তিক বৈষম্য, বিশেষ করে স্টেডিয়ামে প্রবেশাধিকার থেকে কাউকে বঞ্চিত করা বা এ ক্ষেত্রে বাধা দেওয়াকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এমন বৈষম্যের জন্য সদস্য দেশ বা সংস্থার বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা কিংবা বহিষ্কারের ব্যবস্থাও রয়েছে। ২০১৭ সালে ফিফা মানবাধিকার নীতি গ্রহণ করে ফুটবলের মাধ্যমে মানবাধিকার সুরক্ষায় কার্যকর প্রভাব প্রয়োগের অঙ্গীকার করেছিল।
এ অবস্থায় হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও স্পোর্ট অ্যান্ড রাইটস অ্যালায়েন্স ফিফাকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিজেদের নীতিমালা কার্যকর করার আহ্বান জানিয়েছে।
স্পোর্ট অ্যান্ড রাইটস অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক আন্দ্রেয়া ফ্লোরেন্স দ্য অ্যাথলেটিককে বলেন, ‘ইরানে পুরুষদের ফুটবল ম্যাচে নারীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে দীর্ঘদিনের লড়াই এখনো শেষ হয়নি। এখন দেশটি নারীদের ফুটবলে নতুনভাবে বৈষম্য তৈরির পথ খুঁজছে। পুরুষ সাংবাদিক, রেফারি ও কোচদেরও নারীদের ম্যাচে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।’
দ্য অ্যাথলেটিকের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ফিফা তাদের বৈষম্যবিরোধী নীতিমালার কথা তুলে ধরে। পাশাপাশি ইরানে পুরুষদের ফুটবল ম্যাচে নারীদের উপস্থিতির পক্ষে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আগের বক্তব্যের কথাও উল্লেখ করে সংস্থাটি।
লিগ কর্তৃপক্ষের এই নির্দেশনা আসে তেহরানের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব এস্তেগলাল ও পার্সেপোলিসের প্রথম নারী ডার্বির আগে। ইরানের পুরুষ ফুটবলের সবচেয়ে সফল দুই ক্লাবের নারী দল প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল এই ম্যাচে।
প্রথমে ম্যাচটি ২৩ অক্টোবর শুক্রবার হওয়ার কথা থাকলেও পাঁচ দিন পিছিয়ে ২৮ অক্টোবর বুধবার আয়োজন করা হয়। একই সঙ্গে তেহরানের কেন্দ্র থেকে দূরে তুলনামূলক ছোট একটি স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয় ম্যাচটি। ইরানে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, অন্যদিকে বুধবার কর্মদিবস। ঐতিহাসিক এই ম্যাচে ২-১ গোলে জয় পায় পার্সেপোলিস।
ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের আগের কয়েক দিনে দুই দফায় টিকিট বিক্রি স্থগিত করা হয়েছিল। নারী দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি থাকলেও কোনো পুরুষকে গ্যালারিতে দেখা যায়নি। দ্য অ্যাথলেটিকের একটি সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের পরিচিত পুরুষ রেফারি মোউদ বনিয়াদিফার, যিনি ২০১৩ সাল থেকে ফিফার তালিকাভুক্ত, শুরুতে এই ডার্বির ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু নতুন নির্দেশনার কারণে শেষ পর্যন্ত ম্যাচ পরিচালনাকারী দলের অংশ হতে পারেননি তিনি।
নারী ও পরিবারবিষয়ক ইরানের ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরুজ আজারও ঐতিহাসিক এই ডার্বি দেখতে মাঠে উপস্থিত ছিলেন। ভবিষ্যতে আরও বেশি ইরানির জন্য এ ধরনের ম্যাচ দেখার সুযোগ তৈরির আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘আজকের এই ঐতিহাসিক ডার্বিতে ইরানের নারী ফুটবলারদের অসাধারণ দক্ষতা ও নৈপুণ্য কাছ থেকে দেখার জন্য অনেক ইরানি আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিলেন। আন্তর্জাতিক মঞ্চে তারা বারবার নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।’
ইরানে একই ফুটবল ম্যাচে নারী ও পুরুষের উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। ২০২৩ সালের ডিসেম্বরে রাজধানী তেহরানে পার্সেপোলিস ও এস্তেগলালের মধ্যকার পুরুষদের ডার্বিতে প্রথমবারের মতো নারী দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়।
এর আগে ১৯৮১ সাল থেকে দেশজুড়ে পুরুষদের ফুটবল ম্যাচে নারীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের দুই বছর পর থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা কাটাতে চার দশকের বেশি সময় ধরে আন্দোলন করেছেন নারী অধিকারকর্মীরা। অনেক নারী পুরুষের ছদ্মবেশে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেছেন। এর জবাবে গ্রেপ্তার, মারধর ও জোরপূর্বক নির্বাসনের মতো ঘটনার মুখেও পড়তে হয়েছে তাদের।
২০২৩ সালে নারীদের প্রবেশের সুযোগ ফিরলেও বিধিনিষেধ পুরোপুরি তুলে নেওয়া হয়নি। টিকিটের সংখ্যা সীমিত রাখা হয়েছে, গ্যালারিতে পুরুষদের থেকে আলাদা অংশে বসতে হয় নারী দর্শকদের। এখনো বেশ কয়েকটি স্টেডিয়ামে নারীদের প্রবেশের অনুমতি নেই।
ইরানে নারীদের ফুটবল ম্যাচে প্রবেশের নিষেধাজ্ঞা কখনো আনুষ্ঠানিক আইনে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে দেশটির নৈতিকতা পুলিশ শরিয়াহ আইন প্রয়োগের নামে দীর্ঘদিন ধরে এই বিধিনিষেধ কার্যকর করেছে।
এদিকে ইরানে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ ও দর্শক হিসেবে মাঠে যাওয়ার সুযোগও নতুন করে সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ অক্টোবর থেকে রাজধানীর কেশভারি স্টেডিয়ামের খোলা ট্র্যাকে নারীদের দৌড়ানোর অনুমতি দিচ্ছে না কর্তৃপক্ষ। স্টেডিয়াম ব্যবস্থাপনার সিদ্ধান্তে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এর কিছুদিন পরই নারীদের ফুটবল ম্যাচে পুরুষদের প্রবেশ নিষিদ্ধের নির্দেশনা আসে।
হিউম্যান রাইটস ওয়াচের বৈশ্বিক উদ্যোগবিষয়ক পরিচালক মিনকি ওয়ার্ডেন দ্য অ্যাথলেটিককে বলেন, ‘ইরানের ফুটবল ফেডারেশনকে (এফএফআইআরআই) প্রকাশ্য বৈষম্য চালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে ফিফা নিজেদের মানবাধিকার নীতিই লঙ্ঘন করছে।’
তিনি আরও বলেন, ‘ইরানের সাহসী নারী ফুটবলাররা এখন আর তাদের বাবা, ভাই কিংবা পুরুষ কোচদের মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন না। ফিফার নিজস্ব সংবিধানেই স্টেডিয়ামে প্রবেশাধিকারের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক বৈষম্য কঠোরভাবে নিষিদ্ধ এবং এর জন্য নিষেধাজ্ঞা কিংবা বহিষ্কারের বিধান রয়েছে।’
২০১৭ সালে মানবাধিকার সুরক্ষায় কার্যকর প্রভাব প্রয়োগের যে অঙ্গীকার ফিফা করেছিল, এখন সেটি কাজে লাগানোর আহ্বান জানান ওয়ার্ডেন।
তিনি অভিযোগ করেন, চার দশকের বেশি সময় ধরে ইরানের স্টেডিয়ামে নারীদের প্রবেশ নিষিদ্ধ রাখার ঘটনায় ফিফা দেশটির বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। বরং ইরানের ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে নিষ্ফল আলোচনাতেই সময় কাটিয়েছে সংস্থাটি। অথচ এসব কর্মকর্তার বিরুদ্ধে ফুটবল ম্যাচে প্রবেশের অধিকার আদায়ে আন্দোলন করা নারী ও মেয়েদের হয়রানি, মারধর ও গ্রেপ্তারের অভিযোগ রয়েছে।
স্পোর্ট অ্যান্ড রাইটস অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক ফ্লোরেন্সও ফিফাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এই বৈষম্য বন্ধে ফিফার উচিত জরুরিভিত্তিতে নিজেদের প্রভাব কাজে লাগানো। অতীতে ইরানে নারী দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের সুযোগ নিশ্চিত করতে ফিফা সফলভাবে নিজেদের প্রভাব ব্যবহার করেছে। একপর্যায়ে সংস্থাটির নিজস্ব কর্মকর্তারাও স্টেডিয়ামের প্রবেশপথে অবস্থান নিয়েছিলেন।’
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক মানসুরেহ মিলসের মতে, নারীদের ম্যাচে পুরুষদের প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে, ইরানি কর্তৃপক্ষ বৈষম্য আরও বাড়ানোর পথে হাঁটছে।
তিনি বলেন, ‘ইরানকে ফুটবলে প্রবেশাধিকারের ক্ষেত্রে বৈষম্যমূলক বিধিনিষেধ বন্ধ করতে হবে। খেলাধুলা ও জনজীবনে নারী ও মেয়েদের সমান অংশগ্রহণের অধিকারকে সম্মান জানাতে হবে।’
২০২৩ সালে পুরুষদের ফুটবল ম্যাচে নারীদের সীমিত প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার পর ফিফা সভাপতি ইনফান্তিনো এ অগ্রগতির কৃতিত্ব দিয়েছিলেন ইরানের ফুটবল ফেডারেশনের সঙ্গে সংস্থাটির আলোচনাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘ফিফা ও এফএফআইআরআইয়ের চলমান আলোচনার ফলে অগ্রগতি হচ্ছে।’
তবে ফিফার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে দ্য অ্যাথলেটিককে জানিয়েছে, ইরানের ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনার পথেই এগোতে চায় সংস্থাটি। তাদের বিশ্বাস, এভাবেই সবচেয়ে কার্যকর অগ্রগতি সম্ভব।
২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ইরান ছিল একমাত্র দেশ, যেখানে পুরুষদের ফুটবল ম্যাচে নারীদের উপস্থিতি নিষিদ্ধ ছিল। এই সময়ের মধ্যে সৌদি আরব তাদের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেয়। অন্যদিকে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর নারীদের অধিকার ও স্বাধীনতা আরও সংকুচিত হয়। দেশটিতে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ নিষিদ্ধ করার পাশাপাশি ফুটবল ম্যাচ দেখতেও যেতে দেওয়া হয় না।
২০২৫ সালের নভেম্বরে ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে নাসাজি মাজানদারান ও শহিদ গান্দি ইয়াজদের মধ্যকার হাজফি কাপের একটি ম্যাচে নারী দর্শকদের উপস্থিতিকে ‘উৎসাহব্যঞ্জক অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো। তবে ওপেন স্টেডিয়ামসের তথ্য অনুযায়ী, নিম্ন বিভাগের দুই ক্লাবের সেই ম্যাচে সীমিতসংখ্যক নারী দর্শককেই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।
ফলে ইরানে নারীদের ফুটবলে অংশগ্রহণ ও দর্শক হিসেবে মাঠে যাওয়ার অধিকার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এবার নারীদের ম্যাচেই পুরুষদের প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত ফিফার মানবাধিকার নীতি ও বৈষম্যবিরোধী অবস্থানের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে।