
রাশেদ আহমেদ, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য, জননেতা এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ধর্মপ্রান মানুষকে উত্তেজিত করার একটা পরিকল্পনা দেশী-বিদেশী একটি মহলের আছে। কেননা আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ, শেখ হাসিনা বিহীন বাংলাদেশ শান্তিতে থাকবে, এটা অনেকেরই ভালো লাগেনা। আর সেই কারনেই কৃত্তিম ভাবে দেশী-বিদেশী চক্রান্তকারীরা আমাদের এই দেশে রাজনৈতিক সংকট, সামাজিক সংকট, ধর্মীয় সংকট তৈরী করার এক নীল নকশা অনেকেই হাতে নিয়েছে। জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারকরা, আমরা ষড়যন্ত্রের এই নীল নকশাকারীদের সকল তৎপরতা সম্পর্কে গভীর ভাবে সজাগ আছি।
শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা সদরের গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ উপজেলা অডিটরিয়ামে রাষ্ট্র মেরামতের জন্য তারেক রহমানের ৩১দফা ঘরে ঘরে পৌঁছে যাওয়ার লক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)’র গৌরনদী পৌর শাখার প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
সভায় তিনি আরো বলেন, যে মিলনায়তনে বসে আমি আজকে কথা বলছি, এই মিলনায়তনের নাম হবে জুলাই-আগষ্টের শহীদ মিলনায়তন। ঢাকা-বরিশালের এই হাইওয়ে দিয়ে লোকজন যাবে আর দেখবে। যেই গৌরনদীর মাটিতে আমাকে ষোল বছর আসতে দেয়া হয় নাই, এখানে দাড়িয়ে থাকা আমার সমস্ত নেতা-কর্মীদের বাড়িঘর দোকান পাট থেকে উচ্ছেদ করা হয়েছে, তাদের হাত-পা ভাঙ্গা হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলা দেয়া হয়েছে, ঈদ-কোরবানী, বিয়ে-সাদী, সামাজিকতা করতে দেয়া হয় নাই। তাদের উপর পরিচালিত সকল নির্যাতনের প্রতীক হবে এই মিলনায়তন।
গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ শফিকুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল (উত্তর) জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জাহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম কাজল, তাসলিমা বেগম, গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব মোঃ ফরিদ মিঞা, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইয়্যেদুল আলম খান সেন্টু, গৌরদনী পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ জাকির হোসেন রাজা, স্বেচ্ছাসেবক দলের পৌর আহবায়ক সরোয়ার হোসেন পান্নু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দগন।