
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগ এলাকায় চাঁদা দাবি, মারধর, লুটপাট ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগে সোহেল রানা ওরফে ‘কিলার সোহেল’সহ ১৪/১৫ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী আবুল হাসনাত রাসেল (৩৭) গত ২৬ এপ্রিল তুরাগ থানায় লিখিত এজাহারে অভিযোগ করেন, তিনি বামনারটেক এলাকায় নির্মাণাধীন বাড়ির কাজ করছিলেন। গত ৭ নভেম্বর ২০২৪ দুপুরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা ক্ষিপ্ত হয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয় এবং লোহার রড ও হাতুড়ি দিয়ে তার বাড়ির দেয়াল ও গেট ভেঙে ফেলে, যাতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়।
এজাহারে আরও বলা হয়, এসময় আসামিরা তাকে মারধর করে, পরনের কাপড় ছিঁড়ে ফেলে এবং তার পকেটে থাকা ৫০ হাজার টাকা নিয়ে যায়। একইসঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। প্রধান অভিযুক্ত সোহেল রানা তাকে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী জানান, এর আগে তিনি অভিযুক্ত সোহেল রানাকে ৬০ হাজার টাকা চাঁদা দিতে বাধ্য হয়েছিলেন। পরবর্তীতে তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরা হয় এবং লোহার সাবল দিয়ে আঘাতের চেষ্টা করা হয়, তবে তিনি সেখান থেকে প্রাণে রক্ষা পান।
এ ঘটনায় আহত অবস্থায় তিনি টঙ্গী আহসানউল্লাহ সরকারি হাসপাতালে চিকিৎসা নেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
সর্বশেষ গতরবিবার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি ঢাকার বাইরে থাকার সুযোগে অভিযুক্তরা তার বাড়ি, দোকানঘর, পানির ট্যাংকি ও সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি করেছে বলে অভিযোগ করেন।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা এলাকায় আধিপত্য বিস্তার করতে দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করে আসছে। এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন।
এ বিষয়ে তুরাগ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।