
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপকূলীয় এলাকার গুরুত্বপূর্ণ রায়পুর বেড়িবাঁধ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন থেকে চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এমপি।
পরিদর্শনকালে স্থানীয় সাধারণ মানুষ বেড়িবাঁধ নির্মাণকাজের বিভিন্ন অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজের গুণগত মান নিয়ে তাদের উদ্বেগ ও অভিযোগ এমপির কাছে তুলে ধরেন। এলাকাবাসীর দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজের মান বজায় না রাখার অভিযোগ রয়েছে। তারা প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এমপির হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় এমপি সরওয়ার জামাল নিজাম উপস্থিত জনগণের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের স্বার্থসংশ্লিষ্ট কোনো উন্নয়ন প্রকল্পে অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। নির্ধারিত মান বজায় রেখেই কাজ সম্পন্ন করতে হবে।
উপকূলীয় জনগণের নিরাপত্তা এবং এলাকার টেকসই উন্নয়নের স্বার্থে রায়পুর বেড়িবাঁধের কাজ যেন যথাযথ মান বজায় রেখে দ্রুত সম্পন্ন হয়—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।
উল্লেখ্য, ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে পশ্চিম আনোয়ারা উপকূলীয় অঞ্চলে প্রায় ১,৭০০ মানুষের প্রাণহানি ঘটে এবং ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়। সেই প্রেক্ষাপটে উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের গুরুত্ব দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে।