
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া (ঢাকা) :
ঢাকার আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিক-কর্মচারীরা বকেয়া বেতন ও পাওনাদি দ্রুত পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
শুক্রবার (৫ জুন) দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির (এনজিডব্লিউইউ) উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নাসা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করা হচ্ছে না। এতে শ্রমিক ও তাদের পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে শতভাগ পাওনা পরিশোধের দাবি জানান।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে শ্রমিক নেতারা মালিকপক্ষকে আগামী সাত দিনের মধ্যে শ্রমিকদের সকল বকেয়া বেতন ও পাওনা পরিশোধের আল্টিমেটাম দেন। অন্যথায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় ঘেরাওসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও পাওনা আদায়ের স্বার্থে প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে তারা দ্রুত সমস্যার সমাধানে সরকার, শ্রম মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় শ্রমিক নেতা ইসমাইল হোসেন ঠান্ডু, মিজানুর রহমান মিজান, মনসুর আলী, মাসুদ রানা এবং সাভার, আশুলিয়া, ধামরাই ও গাজীপুরের বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।