
এসির ভেতর থেকে উদ্ধার হলো কালনাগিনী
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীর একটি বেসরকারি ক্লিনিকের এসির ভেতর থেকে প্রায় চার ফুট লম্বা একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ক্লিনিকের কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (১৪ জুন) বিকেলে নগরীর সাগরদী এলাকায় অবস্থিত বরিশাল মেডিকেল সার্ভিসেস ক্লিনিকের একটি এসির ভেতর থেকে সাপটি উদ্ধার করেন অ্যানিমল লাভার্স অব পটুয়াখালী-এর সদস্যরা। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
ক্লিনিকের মালিক ও পটুয়াখালী মেডিকেল কলেজ-এর সাবেক অধ্যক্ষ ডা. এস. এম. আবুল হাসান জানান, ক্লিনিকের একটি এসি খুলে নেওয়ার সময় কর্মীরা ভেতরে দুটি সাপ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে সেখানে উদ্বেগের সৃষ্টি হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করা হলে উদ্ধারকারীদের খবর দেওয়া হয়।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া আসাদুল্লাহ হাসান মুসা জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এসির ভেতর থেকে একটি পূর্ণবয়স্ক কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। ক্লিনিকের পেছনে ঝোপঝাড় থাকায় সাপটি এসির পাইপ বা দেয়ালের ফাঁক দিয়ে ভেতরে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। যদিও কর্মচারীরা দুটি সাপ দেখার কথা বলেছিলেন, তল্লাশিতে আর কোনো সাপ পাওয়া যায়নি।
সামাজিক বন বিভাগ-এর বরিশাল সদর রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, উদ্ধার হওয়া সাপটি বন বিভাগের কাছে হস্তান্তরের পর কাশিপুর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৭ ও ৮ জুন বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে চারটি (দুই জোড়া) কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সাপ উদ্ধারের ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।