
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া : সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন দুই সাংবাদিক। তাদের দ্রুত পদক্ষেপে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ওই ব্যক্তি।
সোমবার (২২ জুন) সকাল প্রায় ৮টার দিকে আশুলিয়ার কবিরপুর গোলাম নবী মাদ্রাসার পূর্ব পাশে মাটি ভরাট করা একটি খালি প্লটে স্থানীয়রা এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় এবং দীর্ঘ সময় কোনো সাড়া না পাওয়ায় প্রথমে অনেকেই তাকে মৃত বলে ধারণা করেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।
এদিকে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে জামগড়া যাওয়ার পথে সাংবাদিক মো. আবু সিয়াম ও সাংবাদিক কামরুল হাসান শরীফ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তারা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে বাড়ইপাড়া নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা, পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার পর আহত ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোন থেকে একটি সিমকার্ড উদ্ধার করা হয়। ওই সিমকার্ডের মাধ্যমে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে পরিবারের পরামর্শ অনুযায়ী আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তি ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন। তবে কী কারণে তাকে হামলার শিকার হতে হয়েছে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকাবাসী সাংবাদিকদের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, সময়মতো উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা না করা হলে আহত ব্যক্তির প্রাণহানির আশঙ্কা ছিল।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করলে প্রকৃত ঘটনা ও হামলার কারণ উদঘাটিত হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।