
নিজস্ব প্রতিবেদকঃ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট ও পেজ খোলা হয়েছে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত কোনো তথ্য বা বক্তব্য বিশ্বাস না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নিজ নামে একটি মাত্র ভেরিফায়েড (ব্লু ব্যাজ) ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এ ছাড়া অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা বা অনুমোদন নেই।
মন্ত্রণালয় জানায়, সম্প্রতি মন্ত্রীর নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে। এসব অ্যাকাউন্ট থেকে মন্ত্রীর নামে অনুমোদনহীন বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য ও বিভিন্ন কনটেন্ট প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রচারিত কোনো তথ্য আমলে না নিয়ে এ ধরনের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি রোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি তথ্য যাচাই করে শেয়ার করার আহ্বান জানানো হচ্ছে।