
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ পর্ব (২০২৩) পরীক্ষায় সারা দেশে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন বরিশাল ল’ কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস। কলেজটির ইতিহাসে এই প্রথম কোনো শিক্ষার্থী এলএলবি পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হওয়ার গৌরব অর্জন করলেন।
জান্নাতুল ফেরদৌস বর্তমানে বরিশালের গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর এলাকার বাসিন্দা। তাঁর বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম গ্রামে। তাঁর বাবা মো. লালু বিশ্বাস, মা সুফিয়া খাতুন এবং স্বামী মনিরুল ইসলাম খান।
বরিশাল ল’ কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা জামাল খোকন বলেন, ‘জান্নাতুল ফেরদৌসের এই অসাধারণ সাফল্যে আমরা গর্বিত। তাঁর অর্জন কলেজের জন্য একটি মাইলফলক।’
কলেজের উপাধ্যক্ষ অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম বলেন, ‘জান্নাতুল ফেরদৌস প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন। পাশাপাশি যাঁরা সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের সবার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।’
কলেজ সূত্রে জানা গেছে, এলএলবি শেষ পর্ব (২০২৩) পরীক্ষায় বরিশাল ল’ কলেজ থেকে ২৮৩ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ২৫৩ জন উত্তীর্ণ হয়েছেন। প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন একজন, দ্বিতীয় বিভাগে ১৭৭ জন এবং তৃতীয় বিভাগে ৭৫ জন।
জান্নাতুল ফেরদৌস প্রায় এক যুগ আগে স্বামীর চাকরির সুবাদে গৌরনদীতে আসেন। এখানে তিনি একটি ইংরেজি কোচিং সেন্টার প্রতিষ্ঠা ও পরিচালনার পাশাপাশি বরিশাল ল’ কলেজে ভর্তি হয়ে আইন বিষয়ে পড়াশোনা শুরু করেন।
তিনি জানান, বরিশাল যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক এস. এম. মাহফুজ আলমের উৎসাহ ও অনুপ্রেরণায় আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে কলেজের শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও নিজের অধ্যবসায়ের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন।
নিজের অনুভূতি জানাতে গিয়ে জান্নাতুল ফেরদৌস বলেন, ‘প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এই অর্জনের পেছনে আমার বাবা-মা, স্বামী এবং শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। ছোটবেলা থেকেই মা আমাকে অনুপ্রাণিত করেছেন। স্বামীও প্রতিটি পদক্ষেপে পাশে ছিলেন। কলেজের শিক্ষকরা অত্যন্ত আন্তরিকভাবে পাঠদান করেছেন, হ্যান্ডনোট তৈরি করে দিয়েছেন এবং প্রতিটি ধারা বিস্তারিতভাবে বুঝিয়েছেন। তাঁদের সহযোগিতা ছাড়া এই ফল সম্ভব হতো না।’
তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, ভবিষ্যতে বরিশাল ল’ কলেজের শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে এবং দেশের আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’