
মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ‘বন্ধু মহল’-এর উদ্যোগে আজ শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নাঠৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল খালেক। প্রধান অতিথি ছিলেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আকবর মোল্লা, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস মহিউদ্দিন বাদশা, চাঁদশী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও গৌরনদী ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব হাসান মুহিদ শরীফ, চাঁদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাইফুর রহমান কচি, সমাজসেবক সৈয়দ অহিদুজ্জামান লিপু, সৈয়দ সামসুদ্দোহা বিপুল এবং গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. জুলফিকার। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বৃক্ষরোপণের মতো ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তাঁরা মত দেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। তবে শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমেও মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভা শেষে নাঠৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।