
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অনিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রাইজিং স্টার ১-০ গোলের ব্যবধানে এল.কে. একাদশকে হারিয়ে শিরোপা জিতে নেয়। রানার্সআপ হয় এল.কে. একাদশ।
ফাইনাল খেলা উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান। তিনি বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু এবং গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদার, যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার এবং গৌরনদী উপজেলা যুবদলের নেতা স্বপন সরদার।
ব্যক্তিগত নৈপুণ্যে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রিয়াজ, ম্যান অব দ্য টুর্নামেন্ট হন বায়েজীদ এবং সেরা গোলকিপার নির্বাচিত হন মো. নিরব।