
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে নিরাপদ অভিবাসন, দক্ষ জনশক্তি তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রশিক্ষণার্থীদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও মতামত সরাসরি শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে উপজেলা প্রশাসন ও গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাসার আল মামুন সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, উপজেলা মৎস্য কর্মকর্তা ডা. পলাশ সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি উল্লাহ, চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক মো. শাহিন, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা।
সেমিনারে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিদেশগামী কর্মীদের প্রতারণা থেকে রক্ষা, বৈধ প্রক্রিয়ায় বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। এজন্য কারিগরি ও ভাষাভিত্তিক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, “নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হলে প্রথমেই দক্ষতা অর্জন করতে হবে। দক্ষ জনশক্তিই দেশের অন্যতম সম্পদ। প্রশিক্ষণার্থীদের সমস্যা ও প্রয়োজনগুলো আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। উপজেলা প্রশাসন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক কার্যক্রম আরও কার্যকর ও যুগোপযোগী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।”
তিনি আরও বলেন, “শুধু বিদেশগমন নয়, দক্ষতা অর্জনের মাধ্যমে দেশেও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির সর্বোচ্চ সুফল গ্রহণ করে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে।”
সেমিনারের একপর্যায়ে প্রশিক্ষণার্থীরা সরাসরি তাদের বিভিন্ন সমস্যা, প্রশিক্ষণের সুযোগ-সুবিধা, আধুনিক কোর্স চালু, ভাষা শিক্ষা, ড্রাইভিং প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং বিদেশে চাকরির প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠিানে গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চলমান বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতামূলক উপস্থাপনাও করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সেমিনার ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের মাধ্যমে গৌরনদীর তরুণ-তরুণীরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে এবং দেশ-বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।