
গৌরনদী প্রতিনিধিঃ
বরিশাল সফরের দ্বিতীয় দিনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকায় মন্ত্রীর বাসভবনে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
কূটনৈতিক আনুষ্ঠানিকতার বাইরে মধ্যাহ্নভোজের এ আয়োজন হয়ে ওঠে বরিশালের স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের পরিচিত হওয়ার একটি উপলক্ষ।
মধ্যাহ্নভোজের আগে তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
দুপুরের খাবারে অতিথিদের জন্য বরিশালের ঐতিহ্যবাহী নানা পদ পরিবেশন করা হয়। এর মধ্যে ছিল ভাজা ইলিশ, আইড়সহ বিভিন্ন ধরনের মাছের পদ, বিভিন্ন রকম ভর্তা ও ভাজি এবং গ্রামবাংলার প্রচলিত দেশীয় খাবার।
নদীমাতৃক বরিশালের ঐতিহ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকা ইলিশসহ স্থানীয় মাছের বিভিন্ন পদ ছিল খাবারের আয়োজনে বিশেষ আকর্ষণ। পাশাপাশি নানা ধরনের ভর্তা-ভাজির মাধ্যমে বাঙালির ঐতিহ্যবাহী খাবারের বৈচিত্র্যও তুলে ধরা হয়।
মধ্যাহ্নভোজের শেষ পর্বে পরিবেশন করা হয় গৌরনদীর ঐতিহ্যবাহী মিষ্টান্ন। এর মধ্যে ছিল স্থানীয়ভাবে বিখ্যাত শচীন ঘোষের রসমালাই, দধি ও বিভিন্ন ধরনের মিষ্টি।
স্থানীয় আয়োজকেরা বলেন, মধ্যাহ্নভোজের এ আয়োজনের মধ্য দিয়ে বরিশালের ঐতিহ্য, স্থানীয় খাবার ও মানুষের আতিথেয়তার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের একটি আন্তরিক পরিচয় ঘটে। বরিশাল সফরের দ্বিতীয় দিনে মন্ত্রীর গ্রামের বাড়ির এ আয়োজন কূটনৈতিক আনুষ্ঠানিকতার পাশাপাশি সাংস্কৃতিক যোগাযোগেরও একটি উপলক্ষ হয়ে ওঠে।