
মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে ফসলি জমি ভরাটের অভিযোগ উঠেছে পিন্টু নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, গত দুই থেকে তিন মাস ধরে দিন-রাত ড্রেজার চালিয়ে ফসলি জমি ভরাটের কাজ চলছে।
এলাকাবাসীর কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, এর আগে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে এসে ড্রেজার বন্ধ করে দিয়েছিল। কিন্তু পরদিনই আবার শুরু হয় জমি ভরাটের কাজ। তাদের অভিযোগ, একাধিকবার সংবাদ প্রকাশ হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বিষয়টি যেন থামছেই না।
স্থানীয়রা আরও জানান, রাতভর ড্রেজার চলার কারণে শব্দদূষণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশুদের পড়াশোনায় সমস্যা হচ্ছে এবং অনেকেই রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না।
তাদের দাবি, রাজনৈতিক প্রভাব দেখিয়ে কাজ চালিয়ে যাওয়ায় ভয়ে অনেকেই প্রকাশ্যে অভিযোগ করতে পারছেন না।
অভিযোগের বিষয়ে পিন্টুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কে শিমুলিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা কামরুন্নাহার বলেন, বিষয়টি শুনেছি আমরা আইনগত ভাবে ব্যবস্থা নিবো।