
নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের (NGWU) উদ্যোগে আশুলিয়ার বাইপাইল মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ইনজেনিটেক্স বিডি লিমিটেড ও ইনজেনিরেক্স একটিভ লিমিটেড কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে চুক্তি অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধে বিলম্বের অভিযোগ তোলা হয়।
বিক্ষোভ ও মানববন্ধনে শ্রমিকরা দ্রুত বকেয়া পাওনা পরিশোধ, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধানের দাবি জানান।
এ সময় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের সভাপতি মো. ফরিদুল ইসলাম বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে পাওনা পরিশোধের উদ্যোগ নেওয়া না হলে শ্রমিকদের ন্যায়সংগত দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।
কর্মসূচিতে বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা সভাপতি মো. মাসুদ রানা সুলতান, আক্কাস আলী সাগর, মনসুর আলীসহ অন্যান্য শ্রমিক নেতা এবং ভুক্তভোগী শ্রমিকরা উপস্থিত ছিলেন।
শ্রমিক নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পাওনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন শ্রমিকরা। দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা জরুরি। অন্যথায় পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।