
রিপোর্ট : মোঃ মাসুদ সরদার
বরিশালের আগৈলঝাড়ায় মাদক, চুরি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান জোরদার করেছে থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার ঘোষণা দিয়েছেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান।
থানা সূত্রে জানা গেছে, চলতি মাসে বিভিন্ন মাদকবিরোধী অভিযানে শতাধিক মাদকসেবী, ব্যবসায়ী ও কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘মাদক প্রতিরোধে আমি জিরো টলারেন্স। হয় আমি থাকব, নয় মাদক থাকবে।’ তাঁর নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
মাদকের পাশাপাশি চুরি প্রতিরোধেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্প্রতি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে ভেতরের তামা ও লোহা বিক্রির সঙ্গে জড়িত চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম সক্রিয় করা হয়েছে। বাজারগুলোর রাতের নিরাপত্তা জোরদার, নাইট গার্ডের ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। মাদক, চুরি ও অন্যান্য অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানালে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আগৈলঝাড়াকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে।