
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার কয়রায় ফেইথ ইন অ্যাকশন (এফআইএ) বাংলাদেশের বাস্তবায়নে এবং কাইন্ডার নট হিলফে (কেএনএইচ) জার্মানীর সহযোগিতায় পরিচালিত ‘মুক্তির জন্য রূপান্তর’ (সিফরআর) প্রকল্পের সমাপনী অনুষ্ঠান ও দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার আনসার ভিডিপি ট্রেনিং রুমে এই সমাপনী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফেইথ ইন অ্যাকশন, বাংলাদেশের নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্যর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। এতে স্বাগত বক্তব্য রাখেন ফেইথ ইন অ্যাকশন, বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তিমন বাড়ৈ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশন’ দীর্ঘদিন ধরে স্থানীয় উন্নয়ন, টেকসই সমাজ গঠন ও শিশু সুরক্ষায় অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। প্রকল্পের মেয়াদ শেষ হলেও অর্জিত সাফল্য ও ধারাবাহিকতা বজায় রাখতে স্থানীয় কমিটি ও জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এলাকাভিত্তিক যেকোনো উন্নয়ন ও মানবিক উদ্যোগে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় অনুষ্ঠানে প্রকল্পের অর্জিত সাফল্য ও অভিজ্ঞতা তুলে ধরে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ‘মুক্তির জন্য রূপান্তর সিফরআর প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ফারহানা জাহান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন অফিসার টি.এম. মফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রকাশ মল্লিক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রকল্পের কর্মকর্তা আইজ্যাক শিমুল হালদার, জান্নাতুল রওজা বাহা, কয়রার বিবাহ রেজিস্ট্রার কাজী দ্বীন মোহাম্মদ, ফেডারেশনের সভাপতি রিংকু বালা, প্রত্যাশা জনসংগঠনের সহ সভাপতি পিয়ারা বেগম, এমভিওর উপদেষ্টা এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, জনসংগঠন ও শিশু সুরক্ষা কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা কমিটির সদস্য, দাতা সংস্থার প্রতিনিধি সহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।