
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা, সততা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পীরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে ঠাকুরগাঁও জেলা ছাত্রশিবিরের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি আনিস আহমেদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন প্রধান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ। এছাড়াও বক্তব্য দেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, কেন্দ্রীয় স্কুল কার্যক্রম ও সাহিত্য সম্পাদক ইব্রাহিম খলিলসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান আলোচকের বক্তব্যে সিবগাতুল্লাহ বলেন, আজকের তরুণ ও কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দেবে। মেধা, সততা ও গভীর দেশপ্রেমে বলীয়ান হয়ে নতুন প্রজন্মকে সুশাসন প্রতিষ্ঠা ও দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
প্রধান অতিথি দেলোয়ার হোসেন কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; নৈতিক শিক্ষা ও মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
পরে প্রায় ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে ফুল, ক্রেস্ট ও দিকনির্দেশনামূলক উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় সঠিক দিকনির্দেশনা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।