
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দাখিল করা ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ ঘোষণা দেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকায় রয়েছেন বিএনপির মির্জা ফয়সল আমিন ও ওবায়দুল্লাহ মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক। মনোনয়ন বৈধ হওয়ার পর এখন প্রার্থীদের সামনে শুরু হবে নির্বাচনী প্রচার ও প্রতিদ্বন্দ্বিতার পরবর্তী ধাপ। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তে কারও আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ রাখা হয়েছে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ জন্য নির্বাচনে অংশগ্রহণকারী দল ও প্রার্থীদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। এসব আপিল ৬ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর এবং পরদিন ৮ অক্টোবর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
সবশেষে আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ভোটগ্রহণের জন্য ১৮৫টি কেন্দ্র এবং ৯৮৯টি বুথ নির্ধারণ করা হয়েছে।