
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে সীমান্তবর্তী নাগর নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে রকি (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার কানধাল এলাকার নাগর নদীতে এ দুর্ঘটনা ঘটে। দীর্ঘ কয়েক ঘণ্টার উদ্ধার অভিযানের পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রকি হরিপুর উপজেলার ৪ নম্বর ডাঙ্গীপাড়া ইউনিয়নের শীতলপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে নাগর নদীতে গোসল করতে নামে রকি। গোসলের একপর্যায়ে হঠাৎ নদীর পানিতে তলিয়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে পানিতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বন্ধুরা। পরে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান চালান। দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর নদী থেকে রকিকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। অল্প বয়সে রকির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় শীতলপুর গ্রামসহ আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্ধুদের সঙ্গে নাগর নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রকির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।