
ঠাকুরগাঁও প্রতিনিধি : মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন।
শুক্রবার (২ অক্টোবর) ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার গেদুড়া ইউনিয়নে আয়োজিত মাদক ও জুয়াবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সমাবেশে পুলিশ সুপার বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও জুয়ার ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ও সম্মিলিত ভূমিকা পালন করতে হবে। মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, মাদক ও জুয়া শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না; এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়ে। তাই একটি সুস্থ, নিরাপদ ও মাদক-জুয়ামুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পুলিশ সূত্র জানায়, ঠাকুরগাঁও জেলা পুলিশ মাদক ও জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদক ও জুয়ার বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর এবং হরিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আজাদ।
এছাড়া গেদুড়া মাদক ও জুয়া নির্মূল কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ সমাবেশে অংশ নেন।