
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পূজা উদযাপন কমিটির সঙ্গে প্রস্তুতি সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও ইশরাত জাহানের সভাপতিত্বে সভাটি হয়। এতে উপজেলার ৫৫টি পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা অংশ নেন।
সভায় মণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও উৎসবের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সম্প্রীতির মধ্য দিয়ে পূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহমেদ, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি অমেন্দ মালাকার ও সাধারণ সম্পাদক গৌর চন্দ্র এবং স্থানীয় সাংবাদিকেরা।