
আশুলিয়া (সাভার) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ঈসমাইল হোসেন ঠান্ডু নামে এক শ্রমিক নেতার বিরুদ্ধে মাদকাসক্তি, নারীদের সঙ্গে অসামাজিক কর্মকাণ্ড এবং নারী শ্রমিকদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগকারী নারী শ্রমিকদের দাবি, বেতন-বোনাস ও বিশেষ সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি একাধিকবার অসদাচরণ করেছেন।

অভিযুক্ত ঈসমাইল হোসেন ঠান্ডু বর্তমানে সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় শ্রমিক মহল ও একাধিক সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে শ্রমিক রাজনীতির আড়ালে তিনি নানা অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত।
তথ্যসূত্রে জানা যায়, আশুলিয়ায় তার ব্যবহৃত একটি অফিস কক্ষে নিয়মিতভাবে গাঁজা সেবনের আড্ডা বসত বলেও অভিযোগ রয়েছে। সম্প্রতি একটি কক্ষে বসে মাদক সেবন ও এক নারীর সঙ্গে অসামাজিক কর্মকাণ্ডের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এছাড়াও এর আগে কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে শ্রমিকদের পাওনা টাকা আদায়ের পর তা আত্মসাৎ করার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয় বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক নেতা বলেন, “তিনি প্রকাশ্যে নিজেকে ধর্মপরায়ণ হিসেবে উপস্থাপন করেন। এমনকি হজও পালন করেছেন। কিন্তু আড়ালে মদ ও গাঁজা সেবনসহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত—এমন অভিযোগ দীর্ঘদিনের।”
এ বিষয়ে অভিযুক্ত ঈসমাইল হোসেন ঠান্ডুর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অপরদিকে, সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় সচেতন মহল ও শ্রমিকরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।