
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের অধীনে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে কিশোরগঞ্জে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিকেলে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন, এমপির প্রতিনিধি দেলোয়ার হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব কিশোরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া,প্রেসক্লাবের সভাপতি আবু হাসান শেখ তনা, সাধারণ সম্পাদক শামিম হোসেন বাবু, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক কাওছার হামিদ এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল ইসলাম।
এ ছাড়া কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ফ্যামিলি কার্ড সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সরকারের নির্ধারিত নীতিমালা অনুযায়ী বাস্তবায়ন করা হবে। এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন সাংবাদিকদের বলেন, ফ্যামিলি কার্ড সংক্রান্ত কোনো তথ্য যাচাই-বাছাই না করে সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার জন্য অনুরোধ করা হলো। কোনো সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট দপ্তর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সঠিক তথ্য নিশ্চিত হওয়ার পরই ফ্যামিলি কার্ড কার্যক্রম সংক্রান্ত সংবাদ প্রকাশ করা উচিত। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে না এবং সরকারি কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
প্রেস কনফারেন্সটি আয়োজন করে কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন, নীলফামারী।